তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে বিনসাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং আনুমানিক ৩৯৫ লিটার তেল জব্দ করা হয়েছে।
জানা যায়, তাড়াশ উপজেলার বিনসাড়া বাজারে অবস্থিত মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। এ সময় প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছিল বলে প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিক প্রোঃ মোঃ শাহ আলম মোল্লা-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অভিযানের সময় প্রতিষ্ঠানটি থেকে অবৈধ মজুদকৃত জ্বালানী দাহ্য পদার্থ পেট্রোলিয়াম (পেট্রোল ৩৯৫ লিটার তেল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান। তিনি বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।