প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ৫:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ১:০৯ পি.এম
রায়গঞ্জে অবৈধভাবে জমির নামজারি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি জমি নিয়ে বিরোধ ও অবৈধ নামজারির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে রায়গঞ্জ প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জমির মালিক দাবিদার আরতি রানী দাস, উর্মিমালা রানী দাস ও নরেন্দ্রনাথ দাস।
লিখিত বক্তব্যে জানানো হয়, উপজেলার ধামাইনগর ইউনিয়নের শিবপুর মৌজায় সিএস রেকর্ড অনুযায়ী সুরেন্দ্র নাথ দাস, যোগেন্দ্রনাথ দাসসহ অন্যদের নামে ২০৮২ আরএস দাগ নম্বরে ৪৬ শতক জমির মালিকানা রয়েছে। কিন্তু প্রতিপক্ষ স্বপন চন্দ্র দাস গং গত ১৬ মার্চ ৭৯২ নম্বর দলিলের মাধ্যমে ওই জমির ৩৪ শতক মৃত রেফাত উদ্দিন শেখের ছেলে মো. বেলাল হোসেনের কাছে বিক্রি করেছেন, যা আইনগতভাবে শর্তবহির্ভূত বলে দাবি করেন ভুক্তভোগীরা।
তাদের অভিযোগ, রাজেন্দ্রনাথ দাস ও তাঁর ভাইয়েরা জীবিত অবস্থায় পিতা–মাতার কাছ থেকে পাওয়া জমি বিক্রি করে দিয়েছিলেন। কিন্তু রাজেন্দ্রনাথ দাসের মৃত্যুর পর তাঁর চার ছেলে পূর্বে বিক্রি করা জমির একটি অংশ পুনরায় অবৈধভাবে বিক্রি করেছেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জমিটি নিয়ে বর্তমানে বিরোধ সৃষ্টি হয়েছে এবং আদালতের ১৪৪ ধারার আওতায় জমিটি তাঁদের দখলে রয়েছে। তবুও প্রতিপক্ষ স্বপন চন্দ্র দাসসহ কয়েকজন মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়।
এছাড়া ঘুষের মাধ্যমে জমিটি নিজেদের নামে অবৈধভাবে নামজারি করার চেষ্টা চলছে বলেও দাবি করেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় রায়গঞ্জ উপজেলা ভূমি অফিস, রায়গঞ্জ থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ৭৯২ নম্বর দলিলের ভিত্তিতে ক্রয়কারী ব্যক্তির নামে নামজারি না দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
Copyright © 2026 দৈনিক জনতার ভোর. All rights reserved.