সিরাজগঞ্জের রায়গঞ্জে হামলায় আহত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুনুর রশীদকে হাসপাতালে দেখতে গেছেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত এএসআইয়ের খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় সংসদ সদস্য মো. আয়নুল হক বলেন, অপরাধী ব্যক্তি কোনো দলের নয়। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িত সকলের শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, দায়িত্ব পালনকালে একজন এএসআইয়ের ওপর এ ধরনের হামলার ঘটনা কখনোই কাম্য নয়।
তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, মব ও চাঁদাবাজি—যেই করুক না কেন, তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন।
এ সময় রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. দুলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুব দলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ রায়গঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোল মাইল বাজার এলাকায় এএসআই মামুনুর রশীদের ওপর হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে থানা পুলিশ।