রায়গঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ শেষে বর্তমানে ভোট গণনা কার্যক্রম চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম এবং ১১ দলীয় ঐক্যজোটের পক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আলী মর্তুজা।
ব্রিফিংয়ে তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং ভোট গণনা প্রক্রিয়াও সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত নেতারা আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা রাখার আহ্বান জানান।