রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পূর্ব পাইকড়া গ্রামের ভূমিহীন বৃদ্ধা ফাতেমা বেগম দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে ঘরবন্দি জীবনযাপন করছিলেন। অবশেষে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাঁর পাশে দাঁড়িয়েছেন সহৃদয় মানুষ। তিনি পেয়েছেন একটি হুইল চেয়ার ও নগদ অর্থ সহায়তা।
সোমবার সকালে স্থানীয় গণমাধ্যমকর্মী সাইদুল ইসলাম আবির বৃদ্ধা ফাতেমা বেগমের বাড়িতে গিয়ে তাঁর হাতে হুইল চেয়ার ও নগদ অর্থ তুলে দেন।
এর আগে গণমাধ্যমে অসহায় ফাতেমা বেগমকে নিয়ে মানবিক সহায়তার আবেদন জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটি নজরে আসে সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম খান সানতুর। তিনি মানবিক সহায়তা হিসেবে ৫ হাজার টাকা পাঠান। পাশাপাশি নাম প্রকাশে অনিচ্ছুক এক গার্মেন্টস মালিক হুইল চেয়ার কেনার জন্য ১০ হাজার টাকা সহায়তা দেন।
পরে ওই অর্থের মধ্যে ৮ হাজার টাকায় একটি হুইল চেয়ার কেনা হয় এবং বাকি টাকা বৃদ্ধা ফাতেমা বেগমের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী পারভেজ সরকার, গ্রাম পুলিশ আলহাজ আলী, সমাজসেবক ফরিদুল ইসলামসহ এলাকার কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন।
হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত ফাতেমা বেগম সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।