সিরাজগঞ্জের রায়গঞ্জে ফিলিং স্টেশনে দায়িত্ব পালনরত ট্যাগ অফিসারদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা।
রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দায়িত্ব পালনকারী ট্যাগ অফিসার কৃষি কর্মকর্তারা অংশ নেন।
মানববন্ধনে লিখিত বক্তব্যে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি)এর সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে বারবার হামলার শিকার হচ্ছেন তারা, যা উদ্বেগজনক ও দুঃখজনক। তাঁরা জানান, গত ২ এপ্রিল মেসার্স মাস্টার অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে দায়িত্ব পালনকালে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. এনায়েত হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। একইভাবে ৯ এপ্রিল দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রাজিবুল হাসানের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়।