পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার লাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) বিকেল চারটার দিকে স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে লাঠিবাড়ি খেলার পাশাপাশি মোটরসাইকেল, পাতিল ও চেয়ার খেলার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন এলাকার প্রতিযোগীরা এবং উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন স্থানীয়রা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মন্ডল। সঞ্চালনা করেন গোলাম সরোয়ার দুলাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম আকন্দ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খাঁন, সহ-সভাপতি খায়রুল ইসলাম এবং সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন।
এ ছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আয়োজকেরা জানান, গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মকে এ ধরনের খেলাধুলার সঙ্গে পরিচিত করতেই এ আয়োজন করা হয়েছে।