রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি ছুটির দিনেও সার ও কীটনাশকের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা কৃষি বিভাগ।
মঙ্গলবার সকাল থেকে চান্দাইকোনাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ মনিটরিং কার্যক্রম চালানো হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম সার ও কীটনাশক ডিলারদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন গুদাম ও বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার চান্দাইকোনা সার ও কীটনাশক পট্টিতে গিয়ে তিনি সার, বীজ ও কীটনাশকের ডিলার পয়েন্ট এবং গুদামগুলো ঘুরে দেখেন। এ সময় বিক্রয়মূল্য তালিকা যাচাই, মজুদ পরিস্থিতি পর্যালোচনা এবং কৃষকদের স্বার্থ রক্ষায় ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় ডিলার ও ডিলার প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে সার ও কীটনাশক নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, কৃষকদের মাঝে সচেতনতা বাড়াতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি জোরদার করা হয়েছে। কোনো ডিলার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার ও কীটনাশক বিক্রি করলে কিংবা কৃত্রিম সংকট সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কৃষকদের যেকোনো অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য কৃষি বিভাগ সার্বক্ষণিক কাজ করছে।
সরকারি ছুটির দিনে এ ধরনের কার্যক্রম নিয়ে সচেতন মহল বলছেন, কৃষকদের স্বার্থ রক্ষায় এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ছুটির দিনেও বাজার মনিটরিংয়ের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমানো সম্ভব হবে এবং কৃষকরা ন্যায্যমূল্যে সার ও কীটনাশক পেতে আরও নিশ্চিত হবেন। নিয়মিত এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান তারা।