প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ৫:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ১০:৩৬ এ.এম
সলঙ্গায় র্যাবের অভিযানে ১৩ লাখ টাকার জালনোট উদ্ধার, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাবের অভিযানে বিপুল পরিমাণ জালনোট উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১২ সূত্র জানায়, গত রোববার (২৯ মার্চ) দুপুর পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সদর কোম্পানির একটি দল সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকার নিউ মায়ের আঁচল হোটেলের সামনে অভিযান চালায়। অভিযানে ৫১ হাজার টাকার জালনোট ও দুটি মোবাইল ফোনসহ মো. রবিউল ইসলাম (২০) ও মো. আবুল হাসান (২৯) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার একটি ভাড়া বাসা থেকে ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধার করা হয়। বাসাটি পলাতক আসামি মো. হাকিম শেখ (৩৬)-এর বলে জানিয়েছে র্যাব। এ নিয়ে উদ্ধারকৃত জালনোটের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, তারা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ আশপাশের এলাকায় লোকচক্ষুর আড়ালে জালনোট মজুত রেখে খাঁটি টাকার মতো ক্রয়-বিক্রয় ও লেনদেন করে আসছিল।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া (পিপিএম) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
Copyright © 2026 দৈনিক জনতার ভোর. All rights reserved.