
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা-এর আটঘড়িয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে খাদ্যসহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, চিনি, লবণ, তেল ও ডালসহ বিভিন্ন শুকনা খাবার তুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে গ্রামের আব্দুস সামাদ ও জামাত আলীর বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এতে তাঁদের তিনটি ঘর ও একটি রান্নাঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ ঘরের চালা পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে দুটি পরিবার নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশিদুল ইসলাম, ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানাসহ স্থানীয় ব্যক্তিরা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।
Reporter Name 


















