
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, রায়গঞ্জ থানা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা।
দিবসটি উপলক্ষে ধানঘরা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একইসঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Reporter Name 


















