
সিরাজগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক জুবায়ের। সভায় বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির উপদেষ্টা ও সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, সদস্য আইয়ুব আলী মন্ডল ও আব্দুল কুদ্দুস মন্ডল।
এছাড়াও উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলার ১০৮টি ইটভাটার মধ্যে ৬৯ জন মালিকের উপস্থিতিতে সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সহ-সভাপতি রফিকুল ইসলাম। বক্তারা অভিযোগ করেন, পূর্ববর্তী কমিটির বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তারা মালিকদের স্বার্থ রক্ষায় একটি নির্ভরযোগ্য ও কার্যকর কমিটি গঠনের দাবি জানান।
পরবর্তীতে সর্বসম্মতিক্রমে রফিকুল ইসলামকে আহ্বায়ক এবং মোশাররফ হোসেন আকন্দকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়।
Reporter Name 


















