
সিরাজগঞ্জের অন্যতম ব্যস্ততম কাঠেরপুল-রায়গঞ্জ আঞ্চলিক সড়ক এখন সাধারণ মানুষের জন্য যেন এক ‘মরণ ফাঁদে’ পরিণত হয়েছে। বিশেষ করে রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাসী বাজার এলাকার প্রায় আধা কিলোমিটার সড়কের এইচবিবি ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই এসব গর্ত কাদা-পানিতে একাকার হয়ে পড়ে, ফলে দুর্ভোগ চরমে পৌঁছেছে স্থানীয় জনসাধারণ, শিক্ষার্থী ও যানবাহন চালকদের।
স্থানীয়দের অভিযোগ, সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ দীর্ঘদিন ধরেও এই জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফলে প্রতিদিন হাজার হাজার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
সরেজমিনে হাট পাঙ্গাসী বাজার এলাকা ঘুরে দেখা যায়, বাজারের ভেতরের প্রায় আধা কিলোমিটার অংশজুড়ে রাস্তার ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে ছোট ছোট ডোবায় পরিণত হচ্ছে। এতে যানবাহন চলাচলের সময় কাদা-পানি ছিটকে নষ্ট হচ্ছে পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পোশাক। একই সঙ্গে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
রিকশা, ভ্যান, ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের অভিযোগ, ভাঙাচোরা এই সড়কে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। অনেক সময় গাড়ি উল্টে আহত হচ্ছেন যাত্রী ও চালকরা।
রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত চরম ঝাঁকুনির শিকার হচ্ছেন চালক ও যাত্রীরা। এতে কোমর ব্যথা, মাজা ব্যথাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন নিয়মিত যাতায়াতকারীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“এই আধা কিলোমিটার রাস্তা পার হতে গিয়ে সুস্থ মানুষও অসুস্থ হয়ে বাড়ি ফেরে। বাজারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় রাস্তার এমন বেহাল অবস্থা হলেও দেখার যেন কেউ নেই।”
সড়কে চলাচলকারী ইজিবাইক চালক হারেজ আলি বলেন,
“রাস্তা খারাপ হওয়ার কারণে গাড়ির পার্টস নিয়মিত ভেঙে যায়। একদিকে জীবনের ঝুঁকি, অন্যদিকে আয়ের বড় একটা অংশ চলে যায় গাড়ি মেরামতের পেছনে।”
এলাকাবাসীর অভিযোগ, সড়কটির এই বেহাল দশা নিয়ে বারবার সওজ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হলেও তারা শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন। বাস্তবে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় দিন দিন জনভোগান্তি আরও বাড়ছে।
হাট পাঙ্গাসী বাজার ব্যবসায়ী সমিতি, পথচারী ও চালকদের দাবি—আর কোনো কালক্ষেপণ না করে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ যেন দ্রুত আধা কিলোমিটার সড়কটির টেকসই সংস্কার এবং পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ নেয়। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ইমরান ফারহান সুমেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “খুব শিগগিরই টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে সড়কের কাজ সম্পন্ন করা হবে।”
Reporter Name 








