
সিরাজগঞ্জ পৌর শহরের একটি ব্যস্ত সড়কে ভাঙা ড্রেনের ঢাকনা দীর্ঘদিন ধরে পড়ে থাকায় পথচারী ও যানবাহন চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে। দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মেইন রোড, সরকারি সালেহা ইসহাক স্কুল ও ইসলামিয়া সরকারি কলেজের প্রধান সড়কের মাঝামাঝি অংশে দুটি ড্রেনের ঢাকনা ভেঙে পড়ে রয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাসপাতালগামী রোগী, শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ চলাচল করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনের ঢাকনা ভাঙা থাকলেও তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে করে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে কয়েকটি ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। একাধিকবার রিকশা গর্তে পড়ে যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিশেষ করে রাতের অন্ধকার বা বৃষ্টির সময় গর্তগুলো পানিতে ঢেকে গেলে ঝুঁকি আরও বেড়ে যায়। তখন পথচারী ও যানবাহনের জন্য এটি মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়ায়।
এ বিষয়ে সচেতন নাগরিক মো. আব্দুর রহিম বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। ভাঙা ড্রেনের ঢাকনা শুধু অবকাঠামোগত সমস্যা নয়, এটি মানুষের জীবনের জন্য হুমকি হয়ে উঠেছে। দ্রুত এটি মেরামতের উদ্যোগ নেওয়া জরুরি।
স্থানীয় বাসিন্দারা সিরাজগঞ্জ পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ড্রেনের ভাঙা ঢাকনাগুলো মেরামতের দাবি জানিয়েছেন, যাতে বড় কোনো দুর্ঘটনার আগেই সমস্যাটির সমাধান হয়।
Reporter Name 

















