
জনতার ভোর ডেস্ক:
সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাটিকুমরুল এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ (র্যাব-১২)। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ জানায়, গত রোববার বেলা ১১টা ৫০ মিনিটে বগুড়া-ঢাকা মহাসড়কের হোটেল নিউ মায়ের আঁচলসংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো
এ অভিযানে বাসে তল্লাশি করে বিপুল পরিমাণ বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি মো. দুলাল হোসেন (৬৮)। তাঁর বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামে। র্যাব জানায়, তাঁর কাছ থেকে মাদক বেচাকেনায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে এসব নেশাজাতীয় ইনজেকশন সরবরাহ করতেন।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব-১২ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান চলমান থাকবে।
Reporter Name 


















