
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পশুর হাট উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী গবাদিপশুর হাট হিসেবে পরিচিত। প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার বসা এ হাটে দেশের বিভিন্ন জেলা থেকে আসা খামারি ও ব্যবসায়ীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বগুড়া-পাবনা মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় হাটটিতে যাতায়াত ব্যবস্থা সহজ। সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর ও জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে গরু, ছাগল ও ভেড়া নিয়ে আসেন ব্যবসায়ীরা। বিশেষ করে দেশি জাতের মাঝারি ও ছোট আকৃতির গরুর চাহিদা এখানে বেশি দেখা যায়।
স্থানীয় সূত্র জানায়, সাধারণ সময়ের তুলনায় কোরবানির ঈদকে সামনে রেখে হাটে পশুর আমদানি ও বেচাকেনা কয়েক গুণ বেড়ে গেছে। প্রতিটি হাটে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। ফলে হাটকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিতেও গতি ফিরেছে।
হাটে আসা কয়েকজন খামারি বলেন, যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় সহজেই পশু নিয়ে এখানে আসা যায়। পাশাপাশি ন্যায্যমূল্যে পশু বিক্রির সুযোগও পাওয়া যায়। অন্যদিকে ক্রেতারাও বিভিন্ন জাত ও দামের পশু এক জায়গায় পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, “চান্দাইকোনা পশুর হাট উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ পশুর বাজার। এখানে স্থানীয় খামারিদের উৎপাদিত গবাদিপশু ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ সৃষ্টি হচ্ছে। আমরা হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপদ বেচাকেনা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করছি।”
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, “চান্দাইকোনা পশুর হাট উত্তরাঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কোরবানির মৌসুমকে সামনে রেখে তদারকি আরও জোরদার করা হবে।”
হাট কমিটির সভাপতি শামসুল ইসলাম খান বলেন, “চান্দাইকোনা পশুর হাটের সুনাম অনেক পুরোনো। প্রতি হাটে হাজার হাজার ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে। কোরবানির ঈদকে সামনে রেখে হাটে পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। ক্রেতারা যেন নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয় করতে পারেন এবং কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।”
র্যাব ১২ সহ প্রশাসন ও হাট কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
Reporter Name 


















