
সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষকের জমি থেকে শ্যালো মেশিন চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাই শ্যালো মেশিন ও একটি ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যান জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় আরও একজন অভিযুক্ত পালিয়ে গেছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার সরাইহাজিপুর গ্রামের বাসিন্দা কৃষক মো. আব্দুস সালাম খান (৭৩) তাঁর কৃষিজমিতে সেচ দেওয়ার জন্য একটি শ্যালো মেশিন ব্যবহার করতেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে সেচের কাজ শেষ করে তিনি মেশিনটি তালাবদ্ধ করে বাড়িতে যান। পরে রাত সাড়ে ১০টার দিকে আবার সেচ দিতে গিয়ে দেখেন শ্যালো মেশিনটি সেখানে নেই।
এরপর স্থানীয় লোকজনের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করলে জানতে পারেন চান্দাইকোনা ইউনিয়নের পশ্চিম লক্ষীকোলা ও পূর্ব পাইকড়া বাজার এলাকায় রায়গঞ্জ থানা পুলিশ একটি অটোচার্জার ভ্যানে শ্যালো মেশিনসহ দুইজনকে আটক করেছে।
ঘটনাস্থলে গিয়ে আব্দুস সালাম খান পুলিশ হেফাজতে থাকা শ্যালো মেশিনটি নিজের বলে শনাক্ত করেন। গ্রেপ্তার দুজন হলেন—উপজেলার গুনগাতী (ধানগড়া) গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. আইয়ুব আলী (২৫) ও হাসিল আমতলা গ্রামের বেল্লাল হোসেনের ছেলে মো. মঞ্জু শেখ (১৯)। এ সময় তাঁদের সহযোগী শ্রী সুজন (২৬) পালিয়ে যান।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক দুজন শ্যালো মেশিন চুরির কথা স্বীকার করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে তাঁদের কাছ থেকে পাম্পসহ একটি পুরোনো শ্যালো মেশিন (মূল্য আনুমানিক ২০ হাজার টাকা) এবং একটি ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যান জব্দ করা হয়।
এ ঘটনায় আব্দুস সালাম খান বাদী হয়ে রায়গঞ্জ থানায় চুরির মামলা দায়ের করেছেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, চুরি হওয়া শ্যালো মেশিনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Reporter Name 

















